টানা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে বরিশাল নগরীর পোর্টরোড ইলিশের মোকামে আবার কর্মচাঞ্চল্য ফিরেছে। শুক্রবার সকাল থেকে ইলিশ ও অন্যান্য মাছ নিয়ে একের পর এক জেলে নৌকা পোর্টরোড মৎস্য আড়ত, মৎস্য অবতরণ কেন্দ্র এবং জেলার বিভিন্ন মাছঘাটে ভিড়তে থাকে। রুপালি ইলিশের আশায় হাজার হাজার জেলে জাল ও নৌকা নিয়ে জেলা ও বিভাগের বিভিন্ন নদ-নদীতে মাছ ধরতে নেমেছেন।
বৃহস্পতিবার মধ্যরাত থেকে জেলেরা মেঘনা, কালাবদর, সুগন্ধা, সন্ধ্যা, জয়ন্তী, আড়িয়াল খাঁ ও কীর্তনখোলাসহ বিভিন্ন নদে মাছ শিকার শুরু করেন। প্রথম দিনে মাছের সরবরাহ তুলনামূলক বেশি হলেও ক্রেতা ও চাহিদা বেশি থাকায় ইলিশের দাম কমেনি। জেলে রহিম শেখ জানান, কয়েকজন মিলে রাতে নদীতে নেমে এক দিনে ২০ হাজার টাকার মাছ বিক্রি করেছেন।
আড়তদার জাহাঙ্গীর হোসেন বলেন, এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২,৫০০ টাকা কেজি দরে। এলসি সাইজের ইলিশ ১,৪০০ থেকে ২,০০০ টাকা এবং ৪০০ থেকে ৫০০ গ্রাম ওজনের ইলিশ ১,৩০০ থেকে ১,৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ২০০ থেকে ৩০০ গ্রাম ওজনের ছোট ইলিশ প্রতি হালি ৫০০ থেকে ৬৫০ টাকা। জালে ধরা বড় পাঙ্গাশ ১,২০০ টাকা ও ছোট পাঙ্গাশ ৮০০ থেকে ১,০০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সরবরাহ বাড়লে ইলিশের দামে পরিবর্তন আসতে পারে বলে তিনি জানান।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।