সৌদি আরবের মদিনার জাবাল সাইয়িদ এলাকায় প্রায় ১১ কোটি টন আকরিকের সন্ধান পাওয়া গেছে, যাতে বিরল খনিজ ও আশাব্যঞ্জক মাত্রার ইউরেনিয়াম রয়েছে। সৌদি জ্বালানিমন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন সালমানের বরাতে সোমবার, ১৪ সেপ্টেম্বর বিভিন্ন সংবাদমাধ্যম এ তথ্য জানায়। অনুসন্ধান ও ভূতাত্ত্বিক গবেষণার সময় এসব আকরিক শনাক্ত হয় বলে প্রতিবেদনে বলা হয়েছে।
আকরিকগুলোতে বিশেষ করে ভারী বিরল খনিজের ঘনত্ব বেশি বলে জানানো হয়েছে। তেলনির্ভরতা কমাতে ‘ভিশন ২০৩০’-এর আওতায় জ্বালানি ও খনিজ সম্পদের নতুন খাতে বিনিয়োগ করছে সৌদি আরব। সেই উদ্যোগের অংশ হিসেবে দেশটি ইউরেনিয়াম উত্তোলন এবং বেসামরিক পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনাও নিয়েছে।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এই সন্ধান সামনে এসেছে এবং সৌদির পারমাণবিক পরিকল্পনা নতুন করে আলোচনায় এসেছে। এর আগে জুলাইয়ে সৌদি আরব ও যুক্তরাষ্ট্র বেসামরিক পারমাণবিক কর্মসূচি উন্নয়নে একটি চুক্তি করে। চুক্তির আওতায় মার্কিন কোম্পানিগুলো সৌদির বেসামরিক পারমাণবিক জ্বালানি কর্মসূচিতে সহায়তা করবে এবং সৌদি আরব যুক্তরাষ্ট্রের তদারকি ছাড়াই নিজ ভূখণ্ডে ইউরেনিয়াম সমৃদ্ধ করার সুযোগ পাবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।