বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি জানিয়েছে, চলতি বছরের ১৫ অক্টোবর পর্যন্ত প্রায় ১০ মাসে সরাইল রিজিয়নের অধীন ১৩টি ব্যাটালিয়ন ৯৫৭ কোটি ১৩ লাখ ১৪ হাজার ৩২৮ টাকা মূল্যমানের মাদক ও চোরাচালান পণ্য জব্দ করেছে। মাদকবিরোধী অভিযানে ৩৩৩ জনকে আটক করা হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টায় ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাসিবুল ইসলাম।
অভিযানে ৩ লাখ ৪০ হাজার ৮১৫টি ইয়াবা, ১৪ হাজার ৯৬৭ কেজি গাঁজা, ৬৩ হাজার ৫৭৫ বোতল বিদেশি মদ ও বিয়ার, ১৬ হাজার ৮৮০ বোতল ফেনসিডিল ও ইস্কাফ সিরাপ, ২১০ লিটার চোলাই মদ এবং ৪ লাখ ৩২ হাজার ৫১০টি যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ করা হয়। এছাড়া অস্ত্র, গোলাবারুদ, উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও ডেটোনেটর-সংশ্লিষ্ট সরঞ্জামও উদ্ধার হয়েছে। আটক ৩৩৩ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিজিবি জানায়।
সরাইল রিজিয়নের প্রায় ১ হাজার ২০৪ কিলোমিটার সীমান্ত চার সেক্টরের অধীনে ২১১টি বিওপির মাধ্যমে নজরদারিতে রয়েছে। অবৈধ পাথর ও বালু উত্তোলনবিরোধী অভিযানে পাথর ও বালু জব্দ করা হয়েছে এবং দুর্যোগকবলিত মানুষের কাছে সহায়তা পৌঁছানো হয়েছে। দুর্গাপূজা উপলক্ষে ফেনী ব্যাটালিয়নের এলাকায় ১৮টি পূজামণ্ডপে ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।