ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা টানা তৃতীয় দিনের মতো সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে। সোমবার দিবাগত রাতে রিয়াদের বাসিন্দারা একাধিক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শুনেছেন। এর আগে তাঁদের মুঠোফোনে আকাশপথে হামলার আশঙ্কা জানিয়ে সতর্কবার্তা পাঠানো হয়। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট বলেছে, রিয়াদের দিকে একটি এবং খামিস মুশাইতের দিকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত ও ধ্বংস করেছে।
হুথিদের ভাষ্য, তাদের হামলার লক্ষ্য ছিল রিয়াদের বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর। তারা খামিস মুশাইতের একটি সামরিক বিমানঘাঁটিতে ড্রোন হামলার দাবিও করেছে। শনিবারের হামলায় বিমানবন্দরে অন্তত ১৩ জন নিহত ও ৩০০ জনের বেশি আহত হন বলে প্রতিবেদনে বলা হয়েছে। রোববারের আরেক হামলায় একজন নিহত এবং ১১ জন আহত হন।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর আগামী শনিবার পর্যন্ত বন্ধ থাকবে, ফলে বিভিন্ন বিমান সংস্থা ফ্লাইট বাতিল করেছে। ধারাবাহিক হামলার মধ্যে আকাশ প্রতিরক্ষাব্যবস্থার কার্যকারিতা নিয়ে তদন্ত চলছে। এপিকে দুই কর্মকর্তা বলেছেন, হুথিরা আগে ড্রোন পাঠিয়ে পরে ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সমন্বিত হামলা চালিয়েছে। হুথিরা বিমানবন্দর ও তেল স্থাপনায় আরও হামলার হুঁশিয়ারিও দিয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।