মেক্সিকোর ঐতিহাসিক অ্যাজটেকা স্টেডিয়ামে আজ রাতেই শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬। ফিফার ৯৬ বছরের ইতিহাসে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজন করছে এই আসর। ১৭টি শহরে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। এবার প্রথমবারের মতো ৪৮ দল অংশ নিচ্ছে, যাদের ১২টি গ্রুপে ভাগ করা হয়েছে। ফলে ম্যাচের সংখ্যা দাঁড়িয়েছে ১০৪, যা এটিকে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ করে তুলেছে।
তবে উৎসবের পাশাপাশি বিতর্কও তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি ও ভিসা জটিলতা নিয়ে সমালোচনা উঠেছে। সোমালিয়ার রেফারি ওমর আরতান বৈধ ভিসা থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারেননি। ইরান অভিযোগ করেছে, তাদের সমর্থকদের টিকিট বিতরণে জটিলতা এবং কিছু কর্মকর্তা ভিসা না পাওয়ার ঘটনা ঘটেছে। ইরানের খেলোয়াড়দের প্রবেশের অনুমতি দেওয়া হলেও তাদের চলাচলে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে।
তবুও বিশ্বজুড়ে ফুটবল উন্মাদনা তুঙ্গে। বাংলাদেশেও চলছে উৎসবের আমেজ—বাড়ির ছাদে উড়ছে প্রিয় দলের পতাকা, চলছে তর্ক-বিতর্ক। এবার হয়তো মেসি, রোনালদো ও মদ্রিচদের শেষ বিশ্বকাপ, আর নতুন প্রজন্মের তারকাদের জন্য এটি হতে পারে সূচনার মঞ্চ।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।