ইরান মধ্যপ্রাচ্যের তিনটি দেশে—কুয়েত, বাহরাইন ও জর্ডানে—যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনায় সমন্বিত হামলা চালিয়েছে। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবির তথ্যমতে, কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে একাধিক ড্রোন হামলা হয়েছে। ইরানি সেনাবাহিনী জানায়, কুয়েতে একটি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, গোলাবারুদের ডিপো ও রাডার সাইটকে লক্ষ্য করা হয়েছে, আর বাহরাইনে মার্কিন যোগাযোগ ব্যবস্থা ও রাডার সাইটে আঘাত হানা হয়েছে।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানায়, তারা জর্ডানের প্রিন্স হাসান বিমানঘাঁটিতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। আইআরজিসি দাবি করে, হামলায় ঘাঁটির কমান্ড-অ্যান্ড-কন্ট্রোল সেন্টার ও এমকিউ-৯ ড্রোন রাখা হ্যাঙ্গার ধ্বংস হয়েছে।
ইরানের সেনাবাহিনী জানায়, দক্ষিণ ইরানে যুক্তরাষ্ট্রের অব্যাহত হামলার জবাব হিসেবেই এই অভিযান পরিচালিত হয়েছে। আল জাজিরা সূত্রে প্রকাশিত এই হামলাগুলোকে আঞ্চলিক উত্তেজনার নতুন মাত্রা হিসেবে দেখা হচ্ছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।