পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য ৪১ টন পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের নতুন চালান মঙ্গলবার সকালে প্রকল্প এলাকায় পৌঁছেছে। সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তায় তিনটি লরিতে করে জ্বালানি নেওয়া হয় এবং সকাল পৌনে ৮টার দিকে তা পৌঁছায়। রাশিয়া থেকে ভারতের দিল্লি হয়ে আভিয়াকন জিতোট্রান্সের এজেডএস-৬৭১৩ ফ্লাইটে ১২টি টিপিএসে জ্বালানি সোমবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে।
জ্বালানি পরিবহনের সময় মহাসড়কের গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ মোতায়েন ছিল। সেনাবাহিনীর পাশাপাশি এসআরবি ও গোয়েন্দা সংস্থার সদস্যরাও নিরাপত্তার দায়িত্ব পালন করেন। নিরাপত্তা নিশ্চিত এবং যানজট এড়াতে মহাসড়কে সাময়িকভাবে ভারী যানবাহন চলাচল বন্ধ রাখা হয়। প্রকল্পসংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, এটি দ্বিতীয় ইউনিটের জ্বালানি সরবরাহের তৃতীয় চালান।
দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গোতে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি আনার পরিকল্পনা রয়েছে। প্রথম ইউনিটে জ্বালানি পুনঃস্থাপনের জন্য দুটি কার্গোতে আরও ৪৮টি অ্যাসেম্বলি আনার কথা রয়েছে। রসাটম জানিয়েছে, ডিসেম্বরের মধ্যে জ্বালানি সরবরাহের পুরো প্রক্রিয়া শেষ হবে। কেন্দ্রটির দুটি ইউনিটের মোট উৎপাদনক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।