আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বর্তমান সরকারের আমলে বিচারবহির্ভূত হত্যা প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। ২৫ জুলাই রাজধানীর সিরডাপ মিলনায়তনে মানবাধিকার সংগঠন অধিকার আয়োজিত এক পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন। তিনি আরও বলেন, গুমের বিষয়ে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।
মন্ত্রী জানান, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত রাজনৈতিক প্রতিহিংসাবশত দায়ের করা মামলা প্রত্যাহারে সরকার কাজ করছে এবং এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের পর্যায়ে রয়েছে। তবে ধর্ষণের মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করা হলেও তা প্রত্যাহার করা হবে না। মাদকের মামলা বিরোধীদের হয়রানির উদ্দেশ্যে হয়েছিল কি না, তা সতর্কতার সঙ্গে যাচাই করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি বলেন।
মানবাধিকার কমিশন আইন এবং গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের চূড়ান্ত খসড়ার আগে সুশীল সমাজ, আইন প্রয়োগকারী সংস্থা ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে তিন দফা মতবিনিময় হয়েছে বলে মন্ত্রী জানান। বিল দুটি মন্ত্রিসভা কমিটিতে পাঠানো হয়েছে; পরবর্তী মন্ত্রিসভা বৈঠকে অনুমোদনের পর দ্রুত সংসদে উত্থাপনের আশা প্রকাশ করেন তিনি।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।