ছাগলনাইয়ায় সরকারি জব্দ করা বালু লোপাট, বালু সিন্ডিকেট পরিচালনা এবং সাম্প্রতিক সংঘর্ষের ঘটনায় আলোচিত আলমগীর সিদ্দিকীকে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্র অনুযায়ী, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহায়তায় শুক্রবার অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু তাহের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্প্রতি শুভপুর এলাকায় আদালতের নির্দেশে জব্দ করে রাখা সরকারি বালুর স্তূপ থেকে প্রায় ২ লাখ ২৩ হাজার ৮৩০ ঘনফুট বালু লোপাটের ঘটনা সামনে আসে। এ ঘটনায় থানায় মামলা হওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে। তদন্তকালে চোরাই বালুবোঝাই কয়েকটি ট্রাক জব্দ করা হয় এবং ট্রাকচালকদের গ্রেপ্তার করা হয়। তবে স্থানীয়দের অভিযোগ ছিল, ঘটনার মূলহোতারা তখনও ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে।
বালু ব্যবসার নিয়ন্ত্রণ ও আধিপত্যকে কেন্দ্র করে ছাগলনাইয়ায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, হামলা ও গুলিবর্ষণের ঘটনাও ঘটে। এতে উপজেলা বিএনপির নেতা রিয়াজ উদ্দিন মজুমদার টিপু আহত হন। ওই ঘটনায় আলমগীরকে প্রধান আসামি করে ১৪ জনের নাম উল্লেখসহ মামলা হয়। টিপুর বিরুদ্ধে আলমগীরের সমর্থকদের পিটিয়ে আহত করার পাল্টা অভিযোগ রয়েছে; উভয় পক্ষই অভিযোগ অস্বীকার করেছে। পুলিশ বলেছে, বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।