ভারতে চলমান শিক্ষার্থী আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে নওগাঁ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। শনিবার বেলা ১১টায় ইনস্টিটিউটের প্রধান গেটে অনুষ্ঠিত কর্মসূচিতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। তারা ভারতের আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করেন এবং তাদের ন্যায্য দাবির প্রতি সমর্থন জানান।
মানববন্ধনে সভাপতিত্ব করেন নওগাঁ ইয়ুথ ক্লাবের সভাপতি ও পলিটেকনিকের শিক্ষার্থী রাহাদ হাসান আকাশ। তিনি বলেন, কর্মসূচিটি কোনো দেশের বিরুদ্ধে নয়; শিক্ষার্থীদের ন্যায্য অধিকার, স্বচ্ছ শিক্ষা ব্যবস্থা এবং শান্তিপূর্ণ মতপ্রকাশের অধিকারের পক্ষে সংহতি জানাতেই তারা একত্রিত হয়েছেন। তিনি ভারতের আন্দোলনে বলপ্রয়োগের নিন্দা, আটক শিক্ষার্থীদের মুক্তি এবং আহতদের ক্ষতিপূরণ দাবি করেন।
রাহাদ হাসান আকাশ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি ও অনিয়ম দ্রুত সংস্কারের আহ্বান জানান এবং মেধা, পরিশ্রম ও সততার মূল্যায়ন নিশ্চিত করার কথা বলেন। অংশগ্রহণকারীরা শিক্ষার্থীদের ন্যায্য দাবি মেনে নেওয়া, নিরাপত্তা নিশ্চিত করা এবং সহিংসতা বন্ধের দাবিতে স্লোগান দেন। তারা ভারতের শিক্ষার্থীদের সমর্থনে প্ল্যাকার্ড প্রদর্শন করেন। কর্মসূচি শেষে তারা শান্তিপূর্ণভাবে সমাপ্তি টানেন এবং গণতান্ত্রিক ও অহিংস আন্দোলনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।