Web Analytics

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেছেন, পূর্ববর্তী সরকারের আমলে অবৈধভাবে দখল বা বিতরণ করা সরকারি জমি আইনি প্রক্রিয়ায় পুনরুদ্ধার করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে ফিরিয়ে আনা হবে। মঙ্গলবার দুপুরে বরিশাল সিটি করপোরেশনের রূপাতলী হাউজিং এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের মালিকানাধীন বিভিন্ন জমির বরাদ্দ ও দখলের বৈধতা যাচাই করা হবে। অনিয়ম বা অবৈধতার প্রমাণ মিললে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করে জমি উদ্ধারের উদ্যোগ নেওয়া হবে। সরকারি সম্পত্তি রক্ষায় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বানও জানান তিনি।

নিম্ন ও মধ্যম আয়ের মানুষের আবাসন নিশ্চিত করতে সরকার বিভিন্ন এলাকায় আবাসিক ভবন নির্মাণ প্রকল্প নিয়েছে বলে জানান মনজুর। বরিশালেও এ শ্রেণির মানুষের আবাসন সুবিধা সম্প্রসারণে উদ্যোগ নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন। সফরে তার সঙ্গে ছিলেন বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুছুর রহমান, নগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন শিকদার, যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিনসহ বিএনপির নেতারা।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।