Web Analytics

দেশব্যাপী তিন মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ৭৫টি ওয়ার্ডে একযোগে ‘ক্লিনিং ডে’ নামে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান চালিয়েছে। শনিবার রাজধানীর মতিঝিলের এজিবি কলোনি এলাকায় কর্মসূচির উদ্বোধন করেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। সংস্থাটির ১০ অঞ্চলে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের প্রত্যক্ষ নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

মো. আবদুস সালাম বলেন, সিটি কর্পোরেশন সপ্তাহের সাত দিন পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাবে এবং নাগরিক সমাজ ও অন্যান্য সামাজিক প্রতিষ্ঠান প্রতি শনিবার ডেঙ্গু প্রতিরোধে ভূমিকা রাখবে। তিনি বলেন, সমাজের সব স্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করা গেলে ডেঙ্গু সম্পূর্ণ প্রতিরোধ সম্ভব। সরকারি আবাসিক এলাকায় নিরবচ্ছিন্ন পরিচ্ছন্নতা বজায় রাখতে তিনি গণপূর্ত অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করেন এবং সরকারি ও বিরোধী দলসহ সব রাজনৈতিক দলকে এগিয়ে আসার আহ্বান জানান।

অভিযানে বাসাবাড়ি, সড়ক, অলিগলি, ড্রেন, নির্মাণাধীন ভবন, পার্কিং এলাকা ও পরিত্যক্ত স্থাপনা তদারকি করা হয়। জমে থাকা পানি অপসারণ, এডিস লার্ভা ধ্বংস, ডাব-নারকেলের খোসা, প্লাস্টিকের বোতল, পরিত্যক্ত টায়ার ও ফুলের টব সরানোর পাশাপাশি লার্ভিসাইডিং ও অ্যাডাল্টিসাইডিং করা হয়। ৭৫টি ওয়ার্ডে সচেতনতামূলক র‍্যালি ও লিফলেট বিতরণের মাধ্যমে নাগরিকদের ঘরবাড়ি, কর্মস্থল ও আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।