Web Analytics

ডায়রিয়া সৃষ্টিকারী অণুজীব সাইক্লোস্পোরা যুক্তরাষ্ট্রের ৩১টি অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়েছে। গত কয়েক সপ্তাহে হাজার হাজার সংক্রমণের ঘটনা শনাক্ত হয়েছে। মিশিগান অঙ্গরাজ্যে পরিস্থিতি সবচেয়ে গুরুতর, যেখানে মাত্র দুই সপ্তাহে এক হাজারের বেশি সংক্রমণ ধরা পড়েছে। সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানিয়েছে, ১ মে থেকে ৯ জুলাই পর্যন্ত ৮৪৩টি নিশ্চিত সংক্রমণ শনাক্ত হয়েছে এবং আরও দেড় হাজার সম্ভাব্য সংক্রমণ বিশ্লেষণাধীন রয়েছে। এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি, তবে ৮৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিডিসি জানিয়েছে, সাইক্লোস্পোরিয়াসিস দূষিত খাবার বা পানি গ্রহণের মাধ্যমে ছড়ায়, তবে এটি মানুষে মানুষে সংক্রমিত হয় না। সংক্রমণের উৎস এখনও শনাক্ত করা যায়নি, যদিও অতীতের প্রাদুর্ভাবগুলো সালাদ মিশ্রণ, ধনেপাতা, তুলসী, রাস্পবেরি, মটরশুঁটি ও পেঁয়াজ পাতার মতো কাঁচা খাদ্যের সঙ্গে সম্পর্কিত ছিল। আক্রান্তদের কেউই সাম্প্রতিক সময়ে বিদেশ ভ্রমণ করেননি, যা দেশীয় উৎসের ইঙ্গিত দেয়।

মিশিগান স্বাস্থ্য বিভাগ রেস্তোরাঁ ও রান্নাঘরগুলোকে শাকসবজি ভালোভাবে ধোয়া, রান্না করে খাওয়া এবং বাইরের স্তর ফেলে দেওয়ার পরামর্শ দিয়েছে। সিডিসি ধারণা করছে, নতুন তথ্য আসার সঙ্গে সঙ্গে সংক্রমণের সংখ্যা আরও বাড়তে পারে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।