প্রধানমন্ত্রী তারেক রহমান বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানাগুলো পুনরুজ্জীবিত করতে আগ্রহী বিনিয়োগকারীদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য আয়োজিত এক রোডশোতে তিনি ব্যবসায়ী নেতাদের উদ্দেশে বলেন, সরকার সম্ভাব্য সব ধরনের সহায়তা দেবে। শিল্প মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
প্রধানমন্ত্রী বলেন, সরকারের দায়িত্ব হলো প্রতিবন্ধকতা দূর করা ও চ্যালেঞ্জ মোকাবিলার পথ তৈরি করা, তবে একা সরকারের পক্ষে তা সম্ভব নয়। তিনি সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, ধীরে ধীরে ও পরিকল্পিতভাবে সমস্যাগুলোর সমাধান করা সম্ভব। তিন ঘণ্টারও বেশি সময় ধরে চলা আলোচনায় ৪৪টি কারখানার অবস্থান, অবকাঠামো, বিনিয়োগ প্রণোদনা ও সম্প্রসারণ সম্ভাবনা উপস্থাপন করা হয়।
ব্যবসায়ী প্রতিনিধিরা উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে প্রায় ৫০টি প্রশ্ন করেন, যার উত্তর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রদান করে। অনুষ্ঠানে মন্ত্রী, উপদেষ্টা, ঊর্ধ্বতন কর্মকর্তা, দেশি শিল্পগোষ্ঠী ও জাপানের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।