বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ের শিক্ষক নিয়োগের ক্ষমতা এনটিআরসিএর বদলে ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির হাতে দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছেন ডাকসুর নেতারা। ১০ আগস্ট রাতে তীব্র বৃষ্টির মধ্যে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ কর্মসূচি হয়। বিক্ষোভকারীরা কমিটির বদলে মেধাভিত্তিক নিয়োগের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, সিদ্ধান্ত প্রত্যাহার না হলে জুলাই আন্দোলনের চেয়েও শক্তিশালী আন্দোলন গড়ে তোলা হবে। তিনি আগের মতো এনটিআরসিএর মাধ্যমে স্কুল-কলেজে শিক্ষক নিয়োগের সুপারিশের ব্যবস্থা ফিরিয়ে আনার দাবি জানান। নেতাদের অভিযোগ, স্থানীয় কমিটি ও গভর্নিং বডির হাতে নিয়োগক্ষমতা গেলে রাজনৈতিক প্রভাব, ঘুষ-বাণিজ্য ও স্বজনপ্রীতির সুযোগ তৈরি হতে পারে।
৩ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের এক সভায় ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা থেকে এই নিয়োগক্ষমতা কমিটি ও গভর্নিং বডির হাতে দেওয়ার সিদ্ধান্ত হয়। ডাকসু ১১ আগস্ট বিকেল ৩টায় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ছাত্র জমায়েতের ঘোষণা দিয়েছে এবং বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীদের অংশগ্রহণের আহ্বান জানিয়েছে। জাতীয় ছাত্রশক্তি ও শিক্ষার্থীদের একটি অংশও একই দাবিতে পৃথক কর্মসূচি ঘোষণা করেছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।