হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের ধুলিয়াখাল ও তেতৈয়া গ্রামের মধ্যে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সোমবার রাতে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রাত সাড়ে ৯টার দিকে শুরু হওয়া এই সংঘর্ষ প্রায় এক ঘণ্টা স্থায়ী হয় এবং এতে পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হন। স্থানীয় সূত্রে জানা যায়, ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে মাইকে ঘোষণা দিয়ে লোকজনকে জড়ো করা হয় এবং উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান নেয়।
সংঘর্ষ চলাকালে ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও ধুলিয়াখাল ও তেতৈয়া গ্রামে থমথমে অবস্থা বিরাজ করছে।
অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল হক মুন্সী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ফেসবুক পোস্ট থেকেই সংঘর্ষের সূত্রপাত হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।