Web Analytics

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা প্রশাসনের উদ্যোগে দৌলতদিয়া ঘাট ও বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক পরিবহনকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে জরিমানা করা হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুনতাসির হাসান খান। অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন। নির্ধারিত ভাড়ার তুলনায় অতিরিক্ত ভাড়া আদায় প্রমাণিত হওয়ায় পোড়াদাহগামী একটি পরিবহনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে পরিবহন কর্তৃপক্ষের মাধ্যমে আদায়কৃত অতিরিক্ত ভাড়া তাৎক্ষণিকভাবে যাত্রীদের ফেরত দেওয়া হয়। মুনতাসির হাসান খান জানান, নির্বাচনকে কেন্দ্র করে যাত্রীদের ভোগান্তি ও অতিরিক্ত ভাড়া আদায় রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং প্রশাসন যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে তৎপর রয়েছে।

স্থানীয় যাত্রীরা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত তদারকি ও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হলে যাত্রী হয়রানি অনেকাংশে কমে যাবে।

Card image

Related Threads

logo
No data found yet!