জাতীয় সংসদে ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্প (আরডিএস) নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের দেওয়া তথ্যের সঙ্গে ব্যাংকের আর্থিক প্রতিবেদনের বড় গরমিল ধরা পড়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, প্রকল্পের আওতায় ২২ হাজার কোটি টাকা বিতরণ করা হয়েছে এবং এর একটি বড় অংশের কোনো হদিস নেই। কিন্তু ইসলামী ব্যাংকের সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে দেখা যায়, প্রকল্পের মোট ঋণ স্থিতি স্বরাষ্ট্রমন্ত্রীর দাবির এক-তৃতীয়াংশেরও কম।
২০২৫ সালের বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, ওই বছরের শেষে আরডিএস প্রকল্পের মোট ঋণ স্থিতি দাঁড়ায় ৬ হাজার ৭৮৯ কোটি টাকা, যা ২০২৪ সালের ৬ হাজার ৭১২ কোটি টাকার তুলনায় মাত্র ৭৭ কোটি টাকা বা ১ দশমিক ১৪ শতাংশ বেশি। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, বিতরণকৃত ঋণের অধিকাংশই আদায় হচ্ছে এবং খেলাপি ঋণের পরিমাণ মাত্র ২৩২ কোটি টাকা। ২০২৫ সালের শেষে ঋণ আদায়ের হার ছিল ৯৭ দশমিক ৫০ শতাংশ, যা আগের বছর ছিল ৯৮ দশমিক ৪৯ শতাংশ।
প্রতিবেদন অনুযায়ী, প্রকল্পটি শুরু হওয়ার পর থেকে গত বছরের ডিসেম্বর পর্যন্ত দেশের ৩৫ হাজার ৩৫২টি গ্রামের ১৭ লাখ ৭৫ হাজার পরিবার এই প্রকল্পের আওতায় ঋণ পেয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।