মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকার ভুয়া বিল ইস্যুর ঘটনায় মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. মহিতুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। সেপ্টেম্বর ২০২৬ মাসের এই বিলটি ইস্যু করা হয় মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের কেচুয়াডুবি গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক শহীদুল ইসলামের স্ত্রী মোছা. আলেয়া খাতুনের নামে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ঘটনায় তীব্র ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেন। দায়িত্বে চরম ও অমার্জনীয় গাফিলতির অভিযোগে বুধবার মন্ত্রীর জরুরি নির্দেশনায় এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি প্রকাশের পর এলাকায় ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।
মন্ত্রী ভুক্তভোগী গ্রাহকের সঙ্গে মুঠোফোনে কথা বলে মানসিক বিড়ম্বনা ও উদ্বেগের জন্য দুঃখ প্রকাশ করেন এবং জানান, বিলটি সংশোধন করে সঠিক বিল পৌঁছে দেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে দেখা গেছে, মিটার পরিবর্তনের সময় সিল নম্বরের অঙ্কগুলো অসাবধানতাবশত ডিমান্ড চার্জের ঘরে পোস্ট হওয়ায় এই বিল তৈরি হয়। জড়িত অন্য কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।