স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামী জুন মাসের শেষ দিকে পাইলট প্রকল্পের আওতায় হেলথ কার্ড ও কৃষিকার্ড বিতরণ শুরু হবে। বুধবার দুপুরে নরসিংদীর বেলাবো উপজেলা প্রশাসনের আয়োজনে ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে দুস্থদের মাঝে মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। তিনি আরও জানান, ইতোমধ্যে ইমাম, মুয়াজ্জিন, পুরোহিতসহ ধর্মীয় সেবাদানকারীদের সম্মানি ভাতা প্রদান কার্যক্রম শুরু হয়েছে।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করেছেন। তিনি সরকারি সেবায় কোনো প্রকার ঘুষ না দেওয়ার আহ্বান জানান এবং কেউ ঘুষ চাইলে তা সরাসরি জানানোর অনুরোধ করেন। তিনি তার নির্বাচনি এলাকা বেলাবো-মনোহরদীকে মাদক ও দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং ধীরে ধীরে সারাদেশ থেকে এসব অনিয়ম দূর করার প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানে বেলাবো উপজেলার আটটি ইউনিয়নের ১৯৩ জন দুস্থ ব্যক্তিকে প্রধানমন্ত্রী ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ২ হাজার টাকা করে মোট ৩ লাখ ৮৬ হাজার টাকা নগদ অর্থ প্রদান করা হয়।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।