হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানের গভীর জঙ্গল থেকে মাটির নিচে লুকানো ছয়টি পিস্তল, সাতটি ম্যাগাজিন ও ২২ রাউন্ড গুলি উদ্ধার করেছে ৫৫ বিজিবি ব্যাটালিয়ন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোররাতে অভিযানটি চালানো হয়। সীমান্ত পিলার ১৯৭৮ থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রায় তিন কিলোমিটার দূরের ঘন জঙ্গল এলাকায় অস্ত্রগুলো পাওয়া যায়।
বিজিবির ধারণা, ডাকাতি কিংবা অন্য সন্ত্রাসী ও অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে দুষ্কৃতকারীরা দুর্গম পাহাড়ি এলাকায় অস্ত্র ও গোলাবারুদ মাটির নিচে লুকিয়ে রেখেছিল। উদ্ধার করা সামগ্রী যথাযথ আইনানুগ প্রক্রিয়া মেনে থানায় জমা দেওয়ার কার্যক্রম চলছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা এবং অভিযান অব্যাহত রয়েছে।
হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অস্ত্রের বিস্তার রোধ এবং সীমান্তে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ। প্রতিবেদনে বলা হয়, আগের আওয়ামী লীগ সরকারের সময়ে সাতছড়ি জঙ্গল থেকে ১৪ বার অস্ত্র উদ্ধার হলেও কোনো মামলার কুলকিনারা হয়নি।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।