রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ শরিফ ওসমান হাদির ত্যাগের বিনিময়ে অর্জিত দেশকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুনভাবে গড়ে তোলা হবে। শনিবার রাজধানীর মুগদার মান্ডায় হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী বাস্তবতায় দেশকে আরও শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে।
তিনি জানান, জাতীয় সংসদ নির্বাচনের পর সব রাজনৈতিক ব্যানার ও ফেস্টুন সরিয়ে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক ব্যানার না টানানোর জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। সরকার শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা উপযোগী পরিবেশ তৈরি ও শিক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে পদক্ষেপ নেবে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই দেশকে উন্নত ও সমৃদ্ধ করতে হলে নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।