হুথিদের নিয়ন্ত্রিত একটি সামুদ্রিক সমন্বয় সংস্থা সৌদি আরবের আকাশসীমা দিয়ে চলাচলকারী বিমানকে সতর্ক করেছে। হুথি-সংশ্লিষ্ট গণমাধ্যমের বরাতে রয়টার্স এ তথ্য জানিয়েছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের বাহিনী হুথিদের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরু করার পর এই সতর্কবার্তা দেওয়া হয়। সংস্থাটি বলেছে, সৌদি আরবের কথিত ‘আগ্রাসন’ চলতে থাকলে দেশটির আকাশসীমা নিরাপদ থাকবে না।
তবে উড়োজাহাজ চলাচলের সম্ভাব্য ঝুঁকি কী হতে পারে, সে বিষয়ে সতর্কবার্তায় বিস্তারিত জানানো হয়নি। সৌদি সরকারের গণমাধ্যম দপ্তর থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। প্রতিবেদনে নির্দিষ্ট কোনো বিমান, বিমান সংস্থা, ঘটনা বা উড়োজাহাজ চলাচলসংক্রান্ত বিধিনিষেধের কথাও উল্লেখ করা হয়নি।
এদিকে হুথিদের বিরুদ্ধে ইয়েমেনের সরকারি বাহিনীর অভিযান শুরু হয়েছে। সহকারী প্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল সামির আল-সাবরি আল জাজিরাকে বলেন, প্রথম ধাপে বাব আল-মান্দাব প্রণালি ও বন্দরনগরী মোখাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি দাবি করেন, হুথিদের পরাজিত করতে বাহিনী ‘সঠিক পথে’ এগোচ্ছে। তাঁর ভাষ্য অনুযায়ী, সমন্বিত পাল্টা আক্রমণ শুরু হয়েছে এবং শিগগির সরকারি নিয়ন্ত্রণ সম্প্রসারণের উদ্যোগ জোরদার করা হবে; লক্ষ্য ইয়েমেনের সব প্রদেশে রাষ্ট্রীয় কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠা।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।