যুক্তরাষ্ট্রের সামরিক হুমকি ও নৌ অবরোধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালি বন্ধে কড়াকড়ি আরও বাড়ানো এবং মধ্যপ্রাচ্যের অন্য কৌশলগত প্রণালি ও গুরুত্বপূর্ণ নৌপথ সম্পূর্ণ বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছে ইরান। রোববার ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহাম্মদ বাগের জোলগাদর যুক্তরাষ্ট্রকে এই সতর্কবার্তা দেন।
জোলগাদর বলেন, মার্কিন সরকারের নৌ অবরোধ ও যুদ্ধংদেহি মনোভাব চললে ইরান হরমুজ প্রণালি বন্ধের বিধিনিষেধ কঠোর করবে এবং অন্যান্য কৌশলগত প্রণালি ও নৌপথও অবরুদ্ধ করবে। তাঁর ভাষ্য অনুযায়ী, এমন অবরোধের খেসারত বৈশ্বিক অর্থনীতি, বিশ্ব জ্বালানি বাজার এবং যুক্তরাষ্ট্রের সাধারণ ভোটারদের দিতে হবে।
প্রতিবেদনে বলা হয়, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সমন্বিত সামরিক অভিযান শুরুর পর ইরান হরমুজ প্রণালি বন্ধ করে। এ রুট দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবাহিত হতো। পাঁচ মাসের বেশি সময় ধরে প্রণালিটি অবরুদ্ধ থাকায় জ্বালানি সরবরাহ ব্যাহত ও তেলের দাম বেড়েছে। বিকল্প লোহিতসাগর পথেও হুথিদের অবরোধে বাণিজ্য ও পরিবহন সংকটে পড়েছে; জুনে এই পথ দিয়ে সৌদি আরবের দৈনিক ৪১ লাখ ব্যারেল তেল রপ্তানিও অনেকটাই থমকে গেছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।