বহুল আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলায় তিন দিনের রিমান্ড শেষে সাবেক সেনা কর্মকর্তা (অব.) হাফিজুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আব্দুল্লাহ আমান। শনিবার দুপুরে আদালতে হাজির করার পর শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়। পিবিআই সূত্রে জানা গেছে, রিমান্ডে তিন দিন জিজ্ঞাসাবাদের পর তাকে আদালতে উপস্থাপন করা হয়।
তদন্ত কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, রিমান্ডে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা যাচাইবাছাই করা হচ্ছে। হাফিজুর রহমানের ডিএনএ নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। গত বুধবার আদালত তদন্ত কর্মকর্তার আবেদনের পর তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।
গত মঙ্গলবার রাতে রাজধানীর কেরানীগঞ্জ থেকে পিবিআই হাফিজুর রহমানকে গ্রেপ্তার করে। দীর্ঘ ১০ বছর পর এই মামলায় এটি প্রথম গ্রেপ্তার, যা তনু হত্যাকাণ্ডকে নতুন করে আলোচনায় এনেছে। ২০১৬ সালের এই মামলায় এখন পর্যন্ত চারটি সংস্থার সাতজন তদন্ত কর্মকর্তা দায়িত্ব পালন করেছেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।