বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, সংঘাতকবলিত গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোয় ইবোলা ভাইরাসে আক্রান্ত সন্দেহভাজন রোগীর সংখ্যা ৯০০ ছাড়িয়েছে। সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেয়াসুস রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানান, নজরদারি কার্যক্রম জোরদার করার পর এখন পর্যন্ত ৯ শতাধিক সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে, যার মধ্যে ১০১ জনের শরীরে সংক্রমণ নিশ্চিত করা গেছে। তবে তিনি মৃত্যুর নতুন কোনো তথ্য দেননি।
ইবোলা একটি প্রাণঘাতী ভাইরাসজনিত রোগ, যা আক্রান্ত ব্যক্তির শরীরের তরল পদার্থের সংস্পর্শে ছড়ায় এবং এতে তীব্র রক্তক্ষরণ ও অঙ্গ বিকল হতে পারে। গত ১৫ মে দেশটির সরকার ইবোলা প্রাদুর্ভাব ঘোষণা করে। এবারের সংক্রমণ ‘বুন্ডিবুগিও’ ধরনের ভাইরাস থেকে ছড়িয়েছে, যার কোনো অনুমোদিত টিকা বা কার্যকর চিকিৎসা নেই।
ডিআর কঙ্গোর স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যে বলা হয়েছে, তিনটি প্রদেশে ৮৬৭টি সন্দেহভাজন সংক্রমণের ঘটনায় ২০৪ জনের মৃত্যু হয়েছে। গত অর্ধশতকে আফ্রিকায় ইবোলায় ১৫ হাজারের বেশি মানুষের মৃত্যু ঘটেছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।