জাপানভিত্তিক প্রযুক্তি ও প্ল্যাটফর্ম প্রকৌশল প্রতিষ্ঠান উইক করপোরেশন এবং গ্রামীণ গ্রুপ বাংলাদেশে ‘গ্রামীণ-উইক’ নামে একটি ডিজিটাল প্ল্যাটফর্ম গড়তে যৌথ উদ্যোগের ঘোষণা দিয়েছে। বুধবার টোকিওতে জাপান-বাংলাদেশ অর্থনৈতিক ফোরামে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে এ ঘোষণা দেওয়া হয়। প্ল্যাটফর্মটির লক্ষ্য করপোরেট বিজ্ঞাপনের সঙ্গে প্রয়োজনীয় সেবা ও অর্থনৈতিক সেবার সংযোগ স্থাপন করা।
জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন ও জাপান-বাংলাদেশ কমিটি ফর কমার্শিয়াল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন যৌথভাবে ফোরামটির আয়োজন করে। জাপানে বাংলাদেশ দূতাবাস এতে সহযোগিতা করেছে। ২০২৬ সালের জুনে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের ধারাবাহিকতায় যৌথ উদ্যোগটির পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস এবং ইয়োশিমোতো কোজিওর সাবেক চেয়ারম্যান হিরোশি ওসাকি উপদেষ্টা পর্ষদে যুক্ত হয়েছেন।
পর্ষদ গঠনের পর প্রতিষ্ঠানটি পূর্ণাঙ্গ সেবা উন্নয়ন ও স্থানীয় কার্যক্রম প্রতিষ্ঠার কাজ করছে এবং ২০২৭ সালের মধ্যে ব্যবসায়িক কার্যক্রম শুরু করতে চায়। এটি সামাজিক ব্যবসা হিসেবে পরিচালিত হবে। ডিজিটাল প্রযুক্তি ও ‘পজিটিভ ইমপ্যাক্ট অ্যাডভার্টাইজমেন্ট’-এর মাধ্যমে জীবনযাত্রার মানোন্নয়ন ও সামাজিক সমস্যা সমাধানের উদ্যোগের সঙ্গে বিজ্ঞাপন কার্যক্রম যুক্ত করার কথা বলা হয়েছে। শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অন্যান্য সামাজিক সেবা খাতে সম্ভাব্য অংশীদারত্ব নিয়েও আলোচনা চলছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।