Web Analytics

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির অভিযোগ করেছেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে জামায়াত, শিবির ও এনসিপি নানা ষড়যন্ত্র করছে এবং রাজনৈতিক স্বার্থে পরিস্থিতি ব্যবহারের চেষ্টা করছে। রোববার রাতে নোয়াখালী জেলা শহরের মাইজদী, সোনাপুরসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নাছির বলেন, দুর্গাপূজা বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব এবং এটিকে ঘিরে রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা গ্রহণযোগ্য নয়। তিনি বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে উল্লেখ করে বলেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। ধর্মীয় উৎসবকে রাজনৈতিক বিতর্কের হাতিয়ার না বানানোর আহ্বান জানান তিনি।

ছাত্রদল সম্পাদক বলেন, তাঁর সংগঠন গণতান্ত্রিক মূল্যবোধ, অসাম্প্রদায়িক চেতনা ও ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে। দুর্গাপূজা নিয়ে রাজনৈতিক বক্তব্য ও পাল্টা বক্তব্যের মধ্যে সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। তিনি বলেন, সারা দেশে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে পূজা উদযাপিত হচ্ছে এবং কোথাও সমস্যা হয়নি। পরিদর্শনকালে তিনি বিভিন্ন পূজামণ্ডপে উপহারসামগ্রী দেন। উপস্থিত ছিলেন বিএনপি নেতা জাফর উল্লাহ রাসেলসহ স্থানীয় নেতাকর্মীরা।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।