দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু জাতীয় সংসদে জানান, ভূমিকম্প ও নগর দুর্যোগ ঝুঁকি হ্রাসের অংশ হিসেবে ঢাকায় মোট ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৫৬টি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৮৯টি স্থান রয়েছে। এগুলোকে আনুষ্ঠানিকভাবে “ভূমিকম্পের নিরাপদ আশ্রয়স্থল” হিসেবে ঘোষণা করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পত্র পাঠানো হয়েছে।
গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্যার প্রশ্নের জবাবে মন্ত্রী আরও জানান, ঢাকা ও আশপাশের এলাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখতে একটি সমন্বিত ডাটাবেজ তৈরির কাজ চলছে। পাশাপাশি আবহাওয়া অধিদপ্তর, ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর ও অন্যান্য সংস্থার সমন্বয়ে ভূমিকম্প ও সুনামি সংক্রান্ত তথ্য পর্যবেক্ষণ ও দ্রুত প্রচারের ব্যবস্থা জোরদার করা হয়েছে।
মন্ত্রী বলেন, বাংলাদেশ ভূমিকম্প ও সুনামি ঝুঁকিপূর্ণ অঞ্চলের নিকটে অবস্থান করায় সরকার প্রস্তুতি ও ঝুঁকি হ্রাসমূলক কার্যক্রমে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং ভূমিকম্প-সহনশীল অবকাঠামো নির্মাণে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুসরণের ওপর জোর দিচ্ছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।