Web Analytics

প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ও বিএনপি প্রতিনিধিদলের প্রধান মো. ইসমাইল জবিউল্লাহ ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজের ১৩তম সাধারণ অধিবেশনের ভাইস চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার সকালে দক্ষিণ কোরিয়ার সিউলের দ্য শিলা সিউল হোটেলে সম্মেলনের উদ্বোধন হয়। ক্ষমতাসীন মিনজু বা ডেমোক্রেটিক পার্টি এবং বিরোধী পিপল পাওয়ার পার্টি যৌথভাবে এ আয়োজন করেছে।

প্রথম প্লেনারি অধিবেশনে জবিউল্লাহ বৈশ্বিক রাজনৈতিক অস্থিরতা, সংঘাত ও আস্থার সংকট মোকাবিলায় গণতন্ত্র, সুশাসন, আইনের শাসন এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানান। ‘পরিবর্তনশীল বিশ্বে আস্থা পুনর্গঠন’ প্রতিপাদ্যকে সময়োপযোগী উল্লেখ করে তিনি বলেন, গণতন্ত্রের ভিত্তি জবাবদিহিতা, স্বচ্ছতা, আইনের শাসন ও মৌলিক অধিকারের প্রতি শ্রদ্ধা। তিনি সংলাপের মাধ্যমে শান্তি নিশ্চিত করার নীতির কথাও তুলে ধরেন।

ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যের মানবিক বিপর্যয়, এআইয়ের কর্মসংস্থান ও যুদ্ধসংক্রান্ত ঝুঁকি, জলবায়ু অর্থায়ন, অপতথ্য এবং তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে তিনি উদ্বেগ জানান। আন্তসীমান্ত রাজনৈতিক হস্তক্ষেপ ঠেকাতে আইসিএপিপির কার্যকর ব্যবস্থা এবং উন্নয়নশীল দেশগুলোর জন্য এআইবিষয়ক অভিন্ন নীতিপত্রের প্রস্তাব দেন। বাংলাদেশের পাঁচটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন; সম্মেলন চলবে ৬ নভেম্বর পর্যন্ত।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।