মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে বুধবার মধ্যরাত থেকে ভোলার বোরহানউদ্দিন উপজেলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ২২ দিনের সরকারি মাছ ধরার নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। এ সময়ে ইলিশসহ সব ধরনের মাছ আহরণ, পরিবহন, মজুত এবং ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। নিষেধাজ্ঞার খবর পেয়ে বুধবার দুপুর থেকেই জেলেরা নদী ছেড়ে ডাঙায় ফিরতে শুরু করেছেন; বিভিন্ন ঘাটে শত শত ট্রলার ও নৌকা নোঙর করা হচ্ছে।
উপজেলা মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বোরহানউদ্দিনে নিবন্ধিত জেলের সংখ্যা ১৯ হাজার ৮৩৮। নিষেধাজ্ঞাকালে ১৭ হাজার ২০০ জেলের জন্য মাথাপিছু ২৫ কেজি হিসেবে মোট ৪৩০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। তবে জেলেদের দাবি, এই সহায়তা পরিবারের প্রয়োজন মেটানোর জন্য যথেষ্ট নয়। তাঁদের অভিযোগ, অনেক সময় চাল পেতে দেরি হয় এবং প্রকৃত জেলেরাও সবসময় সহায়তা ঠিকমতো পান না।
উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ কুমার শাহা বলেন, মা ইলিশ রক্ষায় প্রশাসন জিরো টলারেন্স নীতিতে থাকবে। মধ্যরাত থেকে নৌ-পুলিশ ও কোস্টগার্ডের সমন্বয়ে কঠোর নজরদারি শুরু হবে এবং আইন ভাঙলে জেল-জরিমানা, জাল ও ট্রলার জব্দ করা হবে। তিনি জানান, নিবন্ধিত জেলেদের মধ্যে দ্রুত ও স্বচ্ছভাবে চাল বিতরণের ব্যবস্থা করা হচ্ছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।