রোববার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে বিশ্বব্যাংকের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করে। প্রতিনিধিদলে ছিলেন দক্ষিণ এশিয়া অঞ্চলের রিজিওনাল ভাইস প্রেসিডেন্ট জন জুট, বাংলাদেশ ও ভুটানের ডিভিশন ডিরেক্টর জ্যাঁ পেসমে, আইএফসি ডিরেক্টর ইমাদ নাজিব আহেদ ফাখৌরি, অপারেশন্স ম্যানেজার ড. গেইল এইচ. মার্টিন, আইএফসি ম্যানেজার উইলফ্রেড তামেগন এবং সিনিয়র এক্সটার্নাল অ্যাফেয়ার্স অফিসার মেহেরিন এ. মাহবুব। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান ও ড. মো. কবির আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে বাংলাদেশ ও বিশ্বব্যাংকের চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। গভর্নর মো. মোস্তাকুর রহমান প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন এবং আর্থিক খাতের উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে আরও বিস্তৃতভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। বিশ্বব্যাংকের প্রতিনিধিরাও বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রাখার ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন।
বৈঠকে দেশের সাম্প্রতিক অর্থনৈতিক পরিস্থিতি ও উন্নয়ন সম্ভাবনা নিয়েও আলোচনা হয় এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সভার সমাপ্তি ঘটে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।