চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই–ডিসেম্বর) দেশি ও বিদেশি ঋণের সুদ পরিশোধে সরকারের ব্যয় হয়েছে ৭১ হাজার ২৫৩ কোটি টাকা, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২২ শতাংশ বেশি। অর্থ মন্ত্রণালয়ের সর্বশেষ ত্রৈমাসিক ঋণ বুলেটিনে এ তথ্য উঠে এসেছে। গত অর্থবছরের প্রথম ছয় মাসে সুদ পরিশোধ করা হয়েছিল ৫৮ হাজার ৩৯২ কোটি টাকা।
বুলেটিনে বলা হয়েছে, অভ্যন্তরীণ ঋণের ওপর সুদ পরিশোধের পরিমাণ সবচেয়ে বেশি, ৬১ হাজার ৮৬৬ কোটি টাকা, যা গত বছরের তুলনায় ২৫ শতাংশ বেশি। বিদেশি ঋণের সুদ পরিশোধ বেড়ে হয়েছে ৯ হাজার ৩৮৭ কোটি টাকা। রাজস্ব আদায় লক্ষ্যমাত্রার নিচে থাকায় সরকার দেশি উৎস, বিশেষ করে ব্যাংক খাত থেকে বেশি ঋণ নিচ্ছে। প্রথম নয় মাসে রাজস্ব ঘাটতি প্রায় এক লাখ কোটি টাকায় পৌঁছেছে।
প্রতিবেদন অনুযায়ী, সরকার মুদ্রা ঝুঁকি কমাতে দেশীয় ঋণকে অগ্রাধিকার দিচ্ছে। ডিসেম্বর শেষে মোট সরকারি ঋণ দাঁড়িয়েছে ২২ লাখ ৬ হাজার ৪৬২ কোটি টাকা, যা গত জুনে ছিল ২১ লাখ ৪৪ হাজার ৩৪ কোটি টাকা।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।