শনিবার কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন ঘেরাওয়ের উদ্দেশ্যে মিছিল করেন প্রায় ২০০ সাধু-সন্ত, সন্ন্যাসিনী ও অন্য বিক্ষোভকারী। বিবেকানন্দ মিশন সেবা প্রতিষ্ঠান ও ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়ার ব্যানারে শিয়ালদহ স্টেশন চত্বর থেকে শুরু হওয়া মিছিলটির দাবি ছিল কারাবন্দি হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর মুক্তি। বেকবাগানের উপ-হাইকমিশন থেকে প্রায় ৩০০ মিটার দূরে পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিলটি আটকে দেয়।
বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। পরে তারা রাস্তা অবরোধ করে অবস্থান বিক্ষোভ শুরু করেন। স্লোগান ও অশান্তির পর পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল উপ-হাইকমিশনে গিয়ে স্মারকলিপি জমা দেয়। উপ-হাইকমিশনের পক্ষ থেকে প্রতিনিধিদলের দাবিদাওয়া সংবলিত স্মারকলিপি গ্রহণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
স্মারকলিপিতে বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু নাগরিকের জীবন, সম্পদ, ব্যবসা ও বসতবাড়ির নিরাপত্তা এবং সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থার দাবি জানানো হয়। মন্দির, আশ্রম ও পূজামণ্ডপের নিরাপত্তা, হামলা বা ভাঙচুরের নিরপেক্ষ তদন্ত এবং অপরাধীদের দ্রুত বিচারের দাবিও ছিল। আয়োজকদের একজন বলেন, তাদের পদক্ষেপ কোনো দেশ বা সম্প্রদায়ের বিরুদ্ধে নয়।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।