যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান সংঘাতের তৃতীয় সপ্তাহে ইরান বিশ্বব্যাপী বিনোদন ও পর্যটনকেন্দ্রগুলোতে হামলার হুমকি দিয়েছে। দেশটির শীর্ষ সামরিক মুখপাত্র জেনারেল আবুলফজল শেকারচি সতর্কবার্তায় বলেছেন, বিশ্বের বিভিন্ন স্থানে অবস্থিত পার্ক, বিনোদন এলাকা ও পর্যটনকেন্দ্রগুলো এখন থেকে ইরানের শত্রুদের জন্য আর নিরাপদ নয়। এই ঘোষণার পর আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
বিশ্লেষকদের মতে, শত্রুদের ওপর চাপ বাড়াতে ইরান মধ্যপ্রাচ্যের বাইরেও অসম বা অ্যাসিমেট্রিক কৌশলে হামলা চালাতে পারে। সম্প্রতি বুধবার ইসরাইল ইরানের বৃহৎ প্রাকৃতিক গ্যাসক্ষেত্র ‘সাউথ পার্স’-এ হামলা চালানোর পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এর প্রতিক্রিয়ায় তেহরান উপসাগরীয় অঞ্চলের জ্বালানি স্থাপনাগুলোতে হামলা বাড়িয়েছে।
এরই ধারাবাহিকতায় শুক্রবার ভোরে কুয়েতের মিনা আল-আহমাদি তেল শোধনাগারে দুই দফা ড্রোন হামলা চালানো হয়, যাতে আগুন ধরে যায়। প্রতিদিন প্রায় ৭ লাখ ৩০ হাজার ব্যারেল তেল পরিশোধন সক্ষম এই শোধনাগারে হামলা আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।