প্রায় তিন মাসের আপেক্ষিক শান্তির পর সোমবার ভোরে আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার ও পাকতিকা প্রদেশে তিনটি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। আফগানিস্তানের তালেবান সরকার ও জাতিসংঘ জানিয়েছে, এতে অন্তত তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। পাকিস্তানের দাবি, অভিযানে ২৮ জন ‘সন্ত্রাসী’ ও আত্মঘাতী হামলাকারী নিহত হয়েছে।
তালেবান সরকারের উপমুখপাত্র হামদুল্লাহ ফিতরাত বলেন, কুনারের নুরগাল জেলায় একটি বাড়িতে হামলায় একই পরিবারের তিন সদস্য নিহত এবং চারজন আহত হন। পাকতিকার বারমাল জেলায় আরও দুটি স্থানে বোমা হামলায় একটি দোকান ও একটি পরিত্যক্ত বাড়ি ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের খবর নেই। পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় বলেছে, সাম্প্রতিক সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত গোষ্ঠীগুলোর ঘাঁটি ও নিরাপদ আশ্রয়স্থল লক্ষ্য করেই অভিযান চালানো হয়েছে।
হামলার ঘটনায় তালেবান সরকার পাকিস্তানের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে এবং কাবুলে পাকিস্তানের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদপত্র দিয়েছে। মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ একে ‘আগ্রাসন’ আখ্যা দিয়ে যথাযথ জবাবের কথা বলেছেন। পাকিস্তান দীর্ঘদিন ধরে টিটিপিসহ সশস্ত্র গোষ্ঠীগুলোর আফগান ভূখণ্ড ব্যবহারের অভিযোগ করে আসছে, যা কাবুল অস্বীকার করে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।