ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আহমদ আবদুল কাইয়ূম প্রধানমন্ত্রীর সাম্প্রতিক রাষ্ট্রীয় সফরে সম্পাদিত সব চুক্তি ও সমঝোতা জনগণের কাছে প্রকাশ করার আহ্বান জানিয়েছেন। শুক্রবার রাজধানীতে দলের মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের স্বার্থ উপেক্ষা করে ব্যক্তি বা দলীয় স্বার্থে কোনো বিদেশি চুক্তি করলে সেই দেশ মর্যাদা হারায়।
তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট যেকোনো আন্তর্জাতিক চুক্তি সম্পর্কে জনগণের জানার অধিকার রয়েছে। আহমদ আবদুল কাইয়ূম অভিযোগ করেন, অতীতের ফ্যাসিবাদী সরকার ও অন্তর্বর্তীকালীন সরকারের সময় কিছু বৈদেশিক চুক্তি দেশের স্বার্থবিরোধী ছিল। বিশেষ করে আওয়ামী লীগ সরকারের সময়ে ভারতের সঙ্গে এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত কিছু চুক্তি ভবিষ্যতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলার অবনতির কারণে দেশ অস্থিতিশীলতার দিকে যাচ্ছে এবং জনগণ স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে আরও কার্যকর ভূমিকা প্রত্যাশা করে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।