বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিমাঞ্চল ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় সৃষ্ট লঘুচাপ ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে আগামীকাল রোববার থেকে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে সিলেট, চট্টগ্রাম ও উপকূলীয় অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা ৩৫ থেকে ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে অবস্থান করছে, যা জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে।
আবহাওয়াবিদদের মতে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় থাকায় রোববার থেকে ঢাকাসহ রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগে বৃষ্টি ছড়িয়ে পড়বে। সমুদ্রবন্দরগুলোতে তিন নম্বর এবং অভ্যন্তরীণ নদীবন্দরগুলোতে এক নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। কৃষিবিদরা জানিয়েছেন, এই বৃষ্টি আমন ধানের বীজতলা তৈরিতে সহায়ক হবে, যা অনাবৃষ্টির কারণে ব্যাহত হচ্ছিল।
তবে আবহাওয়া অধিদপ্তর সতর্ক করেছে, অতিরিক্ত বৃষ্টিতে দেশের উত্তর, উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের নিচু এলাকায় স্বল্পমেয়াদী বন্যার ঝুঁকি রয়েছে। তাপমাত্রা কিছুটা কমলেও বাতাসে জলীয় বাষ্পের কারণে ভ্যাপসা গরমের অনুভূতি আরও কয়েকদিন স্থায়ী হতে পারে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।