আজ শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে শুরু হচ্ছে ৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। ছয় দিনব্যাপী এই প্রতিযোগিতা চলবে ২৮ অক্টোবর পর্যন্ত। দেশের বিভিন্ন প্রান্তের ৮৮টি দলের ৬১৬ শাটলার অংশ নিচ্ছেন, যাঁদের মধ্যে ৮১ জন নারী ও ৫৩৫ জন পুরুষ।
ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী হাসিবুর রহমান বলেছেন, নতুন প্রতিভা অন্বেষণ, প্রতিভাবান খেলোয়াড়দের সক্ষমতা তুলে ধরা এবং জাতীয় পর্যায়ে খেলাটির প্রতিযোগিতামূলক মান বাড়ানোই এই আয়োজনের লক্ষ্য। টুর্নামেন্টের মোট প্রাইজমানি ১০ লাখ টাকা।
পুরুষ এককের চ্যাম্পিয়ন পাবেন ১ লাখ ৪০ হাজার টাকা এবং রানারআপ ১ লাখ টাকা। নারী এককের চ্যাম্পিয়ন ও রানারআপ পাবেন যথাক্রমে ১ লাখ ও ৬০ হাজার টাকা। ইনজুরির কারণে পুরুষ এককের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন খন্দকার আবদুস সোয়াদ খেলছেন না, তবে গত আসরের রানারআপ আল আমিন জুমার অংশ নিচ্ছেন। নারী এককের চ্যাম্পিয়ন নাসিমা খাতুন ও রানারআপ উর্মি আক্তারও খেলবেন। সেরা খেলোয়াড় পাবেন একটি ইলেকট্রিক মোটরসাইকেল।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।