Web Analytics

২০২৬–২৭ অর্থবছরের জন্য ঘোষিত ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত জাতীয় বাজেটকে বড় হলেও বাস্তবায়নযোগ্য বলে অভিহিত করেছে দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই। শনিবার বাজেট-পরবর্তী প্রতিক্রিয়ায় সংগঠনটি জানায়, বাজেট বাস্তবায়নে দূরদর্শিতা, দক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। বর্তমান বৈশ্বিক ভূরাজনৈতিক প্রেক্ষাপটে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে অগ্রসর হতে এ ধরনের বাজেট প্রয়োজন বলে মন্তব্য করেছে তারা।

এফবিসিসিআই জানায়, ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকার রাজস্ব আহরণের লক্ষ্য সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। রাজস্ব প্রশাসনে স্বচ্ছতা ও এনবিআরে কার্যকর সংস্কারের ওপর গুরুত্বারোপ করেছে সংগঠনটি। বাজেট ঘাটতি পূরণে অতিরিক্ত অভ্যন্তরীণ ঋণ গ্রহণ বেসরকারি খাতে অর্থায়ন সংকুচিত করতে পারে বলে সতর্ক করেছে তারা। এফবিসিসিআই ৬০ হাজার কোটি টাকার ‘স্টিমুলাস প্যাকেজ ২০২৬’, নিত্যপণ্যে কর হ্রাস, স্টার্টআপ ও নারী উদ্যোক্তাদের কর-সুবিধাকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে স্বাগত জানিয়েছে।

তথ্যপ্রযুক্তি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে করছাড়ের উদ্যোগকে যুগোপযোগী বলে উল্লেখ করে সংগঠনটি নির্মাণসামগ্রীর ওপর ভ্যাট বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেছে। সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় করমুক্ত আয়সীমা আরও বাড়ানো ও সর্বোচ্চ করহার কমানোর সুপারিশ করেছে এফবিসিসিআই।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।