বাংলাদেশ ব্যাংক দেশের ১৬টি বাণিজ্যিক ব্যাংক থেকে আরও ২১ কোটি ৮৫ লাখ ডলার কিনেছে। এর ফলে চলতি অর্থবছরের শুরু থেকে সোমবার (২ ফেব্রুয়ারি) পর্যন্ত মোট ৪১৫ কোটি ডলার বা ৪ দশমিক ১৫ বিলিয়ন ডলার ক্রয় করেছে কেন্দ্রীয় ব্যাংক। নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, বাজারে ডলারের সরবরাহ চাহিদার তুলনায় বেশি থাকায় দাম স্থিতিশীল রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালে ডলার বাজার অস্থিতিশীল হয়ে পড়ে, তখন প্রতি ডলারের দাম ৮৫ টাকা থেকে বেড়ে ১২২ টাকায় পৌঁছায়। গত তিন অর্থবছরে বাংলাদেশ ব্যাংক প্রায় ৩৪ বিলিয়ন ডলার বিক্রি করলেও কেনা হয়েছিল মাত্র এক বিলিয়ন ডলার। আওয়ামী লীগ সরকারের পতনের পর বর্তমান সরকার অর্থপাচার রোধে কঠোর ব্যবস্থা নেয়, ফলে রপ্তানি ও প্রবাসী আয় বৃদ্ধি পায় এবং ডলারের সরবরাহ বেড়ে যায়।
রেমিট্যান্স বৃদ্ধি ও ডলার ক্রয়ের ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৯ জানুয়ারি শেষে দাঁড়িয়েছে ৩৩ দশমিক ১৮ বিলিয়ন ডলারে, বিপিএম-৬ অনুযায়ী যা ২৮ দশমিক ৬৮ বিলিয়ন ডলার।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।