রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নভুক্ত সাত দেশের রাষ্ট্রদূত এবং ইইউ প্রতিনিধিদলের প্রধান সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার, ২৮ সেপ্টেম্বর সকালে বঙ্গভবনে এ সাক্ষাৎ হয়। ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, স্পেন ও সুইডেনের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তাঁকে অভিনন্দন জানান। জবাবে রাষ্ট্রপতি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রাষ্ট্রপতি বাংলাদেশ, ইউরোপীয় ইউনিয়ন ও এর সদস্য দেশগুলোর সম্পর্কের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং বলেন, অংশীদারত্বটি বহুমাত্রিক রূপ নিয়েছে। বাংলাদেশের উন্নয়ন ও গণতান্ত্রিক উত্তরণে ইইউর সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞতা জানান। পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সম্পর্ক আরও গভীর করার ওপর জোর দিয়ে বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিক পরিবেশে ইউরোপীয় বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান তিনি।
অবৈধ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে রাষ্ট্রপতি দক্ষ জনশক্তির বৈধ অভিবাসনের সুযোগ বাড়ানোর আহ্বান জানান। আরও ইইউ সদস্য দেশকে ট্যালেন্ট পার্টনারশিপ উদ্যোগে যুক্ত হওয়ার অনুরোধও করেন তিনি। রাষ্ট্রদূতরা বাণিজ্য, বিনিয়োগ, সুশাসন, জলবায়ু কার্যক্রম ও টেকসই উন্নয়নে সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার করেন। রোহিঙ্গা সহায়তা, প্রত্যাবাসন, নবায়নযোগ্য জ্বালানি, শিক্ষা, সামুদ্রিক বিষয় ও প্রযুক্তি হস্তান্তর নিয়েও আলোচনা হয়।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।