জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, বিপদের সময় তারা দেশ ছেড়ে যান না, বরং দেশের সঙ্কটে পাশে থাকেন। তিনি বলেন, যারা নিজেদের তৈরি ফ্যাসিবাদের যন্ত্রণা এড়াতে দেশ ছাড়ে, তারা জনগণের পাশে নেই। বুধবার বিকেলে ডালিয়ার তিস্তা হেলিপ্যাডে জামায়াতে ইসলামী নীলফামারী ও লালমনিরহাট শাখা আয়োজিত এক নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিগত সরকারকে উদ্দেশ্য করে তিনি অভিযোগ করেন, তারা দেশ ও জনগণের সম্পদ লুট করে ফ্যাসিবাদ কায়েম করেছে এবং এখন রাজনীতি থেকে সরে যাওয়ার সময় এসেছে। তিনি প্রতিশ্রুতি দেন, ক্ষমতায় গেলে তিস্তায় হাইড্রোপাওয়ার প্রকল্প বাস্তবায়ন করা হবে এবং তিস্তা মহা পরিকল্পনা কার্যকর করে উত্তরবঙ্গের উন্নয়ন নিশ্চিত করা হবে। তিনি বলেন, দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গকে অবহেলা করা হয়েছে।
তিনি আরও বলেন, স্বাধীন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে যেখানে রাষ্ট্রপতি ও সাধারণ নাগরিক একই অপরাধে সমান সাজা পাবেন। তরুণদের উদ্দেশে তিনি আহ্বান জানান, যৌবন ও তারুণ্যের শক্তিতে নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য।