তামিলনাড়ুতে সরকার গঠনের অনুমতি চেয়ে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকরের কাছে আবেদন করেছেন অভিনেতা থেকে রাজনীতিক হওয়া বিজয়। তিনি তার দল তামিলাগা ভেট্টি কাজ়াগম (টিভিকে)–কে সরকার গঠনের সুযোগ দেওয়ার আহ্বান জানান। তবে রাজ্যপাল কোনো আশ্বাস দেননি। বিজয় সতর্ক করেছেন, যদি টিভিকে সরকার গঠনের সুযোগ না পায়, তবে তার দলের ১০৭ জন বিধায়ক একযোগে পদত্যাগ করবেন।
২৩৪ সদস্যের তামিলনাড়ু বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১১৮টি আসন, কিন্তু কোনো দল বা জোটই তা পায়নি। টিভিকে ১০৮টি আসনে জিতলেও বিজয় দুই আসনে জয়ী হওয়ায় দলের কার্যকর বিধায়ক সংখ্যা ১০৭। ডিএমকে–কংগ্রেস–বাম জোট ৭৪টি এবং এডিএমকে–বিজেপি জোট ৫৩টি আসনে জিতেছে। বিদায়ী মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন নিজ আসনে পরাজিত হয়েছেন। কংগ্রেস ইতোমধ্যেই বিজয়কে সমর্থনের ঘোষণা দিয়েছে, তবে রাজ্যপাল জানিয়েছেন ১১৮ জন বিধায়কের লিখিত সমর্থন না পেলে টিভিকে সরকার গঠনের আমন্ত্রণ জানানো হবে না।
রাজনৈতিক মহলে জল্পনা চলছে, বিজয়কে ঠেকাতে ডিএমকে ও এডিএমকে একজোট হতে পারে, ফলে সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।