তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম সংস্কার প্রক্রিয়ায় সরকার নিয়ন্ত্রকের নয়, বরং সহায়ক ও সমন্বয়কারী অংশীদার হিসেবে কাজ করবে। বৃহস্পতিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতীয় গণমাধ্যম কমিশনের রূপরেখা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত এক কর্মশালায় তিনি এ কথা বলেন। তিনি জানান, উন্মুক্ত আলোচনা ও অংশীজনদের মতামতের ভিত্তিতে একটি সর্বজনগ্রাহ্য কাঠামো তৈরি হবে। তথ্য মন্ত্রণালয় দেশের ইতিহাসে প্রথমবারের মতো গণমাধ্যমের সব ধারার অংশীজনকে এক প্ল্যাটফর্মে এনেছে স্বাধীন ও শক্তিশালী জাতীয় গণমাধ্যম কমিশন গঠনের জন্য।
মন্ত্রী এ উদ্যোগকে গণমাধ্যম সংস্কার ও স্বাধীনতা নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার গণতান্ত্রিক ও কল্যাণরাষ্ট্র গঠনের লক্ষ্যে বিভিন্ন খাতে সংস্কার কার্যক্রম চালাচ্ছে, যার অন্যতম ক্ষেত্র গণমাধ্যম। প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, শক্তিশালী, স্বাধীন ও জবাবদিহিমূলক কমিশন গঠনে গণমাধ্যম প্রতিনিধিদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিভিন্ন গণমাধ্যম সংগঠন, সম্পাদক, সাংবাদিক ও বিশেষজ্ঞদের অংশগ্রহণে কর্মশালায় কমিশনের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং জাতীয় কর্মপরিকল্পনার খসড়া প্রণয়নে নীতিগত ঐকমত্য গঠিত হয়।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।