বিদ্যুৎ বিভাগ বরিশাল নগরীর বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা আধুনিক ও সাশ্রয়ী করতে প্রিপেইড মিটার সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। নগরীতে ইতোমধ্যে নতুন করে সাড়ে পাঁচ হাজার প্রিপেইড মিটার স্থাপন করা হয়েছে। চলতি বছরের মধ্যে প্রথম ধাপে এক লাখ গ্রাহকের পোস্টপেইড মিটার বদলে প্রিপেইড মিটার স্থাপনের পরিকল্পনা রয়েছে। দ্বিতীয় ধাপে বাকি ৫০ হাজার পোস্টপেইড মিটারও প্রতিস্থাপন করা হবে।
জেলা বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, নতুন সংযোগ নেওয়া সব গ্রাহককে প্রিপেইড মিটার দেওয়া হচ্ছে এবং গ্রামাঞ্চল ছাড়া পোস্টপেইড মিটার দেওয়া হচ্ছে না। ডিজিটাল ব্যবস্থায় বাড়ি বাড়ি মিটার রিডিং নেওয়া, বিল তৈরি ও বিতরণের প্রয়োজন কমায় জনবল ও যাতায়াত ব্যয় সাশ্রয় হচ্ছে। অগ্রিম রাজস্ব আদায়ের ফলে বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোর আর্থিক তারল্য সংকটও কমেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বিশেষজ্ঞদের মতে, অবৈধ সংযোগ ও মিটার টেম্পারিং কমায় সিস্টেম লস হ্রাস পেয়েছে। গ্রাহকেরা বলেছেন, ব্যালান্স দেখে ব্যবহার নিয়ন্ত্রণ করা যায় এবং হঠাৎ বড় বিলের আশঙ্কা কমে। বরিশাল বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কেন্দ্র-২-এর নির্বাহী প্রকৌশলী মঞ্জুরুল ইসলাম বলেন, প্রিপেইড ব্যবহারকারীদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে; এতে ভৌতিক বিল ও বকেয়া রাখার সুযোগ নেই।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।