Web Analytics

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর সংঘটিত গণহত্যার ঘটনায় মিয়ানমারকে দায়ী করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়কে স্বাগত জানিয়েছে। শনিবার দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনারের পাঠানো বিবৃতিতে দলটি রায়ের পূর্ণ বাস্তবায়ন, অপরাধীদের জবাবদিহি এবং রোহিঙ্গাদের নিজ ভূমিতে স্বেচ্ছামূলক, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করার দাবি জানায়।

দীর্ঘ সাত বছরের আইনি লড়াইয়ে নেতৃত্ব দেওয়ার জন্য গাম্বিয়া এবং মামলায় হস্তক্ষেপকারী ১১টি রাষ্ট্রকে কৃতজ্ঞতা জানিয়েছে এনসিপি। দলটির ভাষ্য, আদালত হত্যা, গুরুতর শারীরিক ও মানসিক ক্ষতি এবং জন্ম প্রতিরোধের উদ্দেশ্যে নেওয়া পদক্ষেপকে গণহত্যার কর্মকাণ্ড হিসেবে প্রতিষ্ঠা করেছেন। রোহিঙ্গাদের একটি উল্লেখযোগ্য অংশ ধ্বংসের অভিপ্রায়ও আদালত খুঁজে পেয়েছেন এবং গণহত্যা প্রতিরোধ ও শাস্তি নিশ্চিতের দায় পালনে ব্যর্থতার জন্য মিয়ানমারকে দায়ী করেছেন।

এনসিপি বলেছে, রায়টি মিয়ানমার রাষ্ট্রের আন্তর্জাতিক আইনগত দায় নির্ধারণ করেছে, ব্যক্তির ফৌজদারি দায় নয়। তাই সংশ্লিষ্টদের তদন্ত, বিচার ও শাস্তির ব্যবস্থা করতে হবে। জাতিসংঘ, ওআইসি, আসিয়ান, ইউরোপীয় ইউনিয়ন ও আন্তর্জাতিক সম্প্রদায়কে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে দলটি বাংলাদেশ সরকারকেও কূটনৈতিক তৎপরতা বাড়ানোর অনুরোধ করে। প্রত্যাবাসনের আগে আরাকান রাজ্যে নিরাপত্তা, চলাচলের স্বাধীনতা, নাগরিক অধিকার ও জীবিকার নিশ্চয়তায় মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখার কথা বলা হয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।