বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী এডভোকেট নিতাই রায় চৌধুরী অভিযোগ করেছেন যে, আওয়ামী লীগ সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক ভূমিকা মুছে দেওয়ার চেষ্টা করেছিল। মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের কাজির দেউড়িস্থ জিয়া স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, নানা কৌশল সত্ত্বেও সত্য ইতিহাস কখনও মুছে ফেলা যায়নি। তিনি জানান, জাতির অস্তিত্ব টিকিয়ে রাখতে ইতিহাস সংরক্ষণ অপরিহার্য এবং সরকার জাদুঘরটির উন্নয়ন ও আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে।
মন্ত্রী বলেন, আওয়ামী লীগ আমলে কালুরঘাট বেতারকেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেওয়ার সময় ব্যবহৃত ট্রান্সমিটার, টেবিল ও চেয়ার জাদুঘর থেকে সরিয়ে নেওয়া হয়েছিল, যা পুনরায় ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। শহীদ জিয়াউর রহমানকে যেখানে হত্যা করা হয় সেই কক্ষ সংরক্ষণ, স্থাপনার ল্যান্ডস্কেপিং, আধুনিকায়ন এবং ভূমিকম্প ঝুঁকি মোকাবিলায় পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া জনবল বৃদ্ধি করা হবে।
তিনি আরও জানান, কালুরঘাট বেতারকেন্দ্র ও জিয়া স্মৃতি জাদুঘরকে একীভূত করে ঐতিহ্য হিসেবে ঘোষণা করার পরিকল্পনা রয়েছে, যাতে শহীদ জিয়াউর রহমানের সংগ্রামী জীবনের স্মৃতি সংরক্ষিত থাকে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।