ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, ইসরায়েলকে আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করার পক্ষে তিনি নন। ফিলিস্তিনের ওপর আগ্রাসনের প্রতিবাদে ইউরোপের কয়েকটি দেশ ইসরায়েলকে নিষিদ্ধ করার দাবি তুললেও ইনফান্তিনো মনে করেন, রাজনৈতিক নেতাদের কর্মকাণ্ডের কারণে কোনো দেশকে ফুটবল থেকে বাদ দেওয়া উচিত নয়। তিনি ফিফার সংবিধানে এমন বিধান যুক্ত করার প্রস্তাব দেন, যাতে রাজনৈতিক কারণে কোনো দেশকে নিষিদ্ধ করা না হয় এবং খেলাধুলার মাধ্যমে সম্পর্কের সেতু খোলা থাকে।
গত সেপ্টেম্বর উয়েফা নির্বাহী কমিটির বৈঠকে ইসরায়েলকে নিষিদ্ধ করার বিষয়ে ভোটাভুটি আয়োজনের প্রস্তুতি নিয়েছিল, তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়ার পর আলোচনা স্থগিত হয়। দ্য অ্যাথলেটিকের প্রতিবেদনে বলা হয়, পরবর্তী আলোচনায় নিষেধাজ্ঞা কার্যকরের প্রক্রিয়া নিয়েই মূলত আলোচনা হয়। আয়ারল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন ইউয়েফার প্রতিযোগিতা থেকে ইসরায়েলকে সাময়িকভাবে বহিষ্কারের পক্ষে ভোট দেয়।
ইনফান্তিনো আরও বলেন, ইউক্রেনে আগ্রাসনের কারণে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া উচিত, কারণ এটি কোনো ইতিবাচক ফল দেয়নি বরং হতাশা বাড়িয়েছে। তার মতে, ইসরায়েলের ক্ষেত্রেও একই ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হলে সেটি হবে এক ধরনের পরাজয়।