বাংলাদেশের বিচার প্রশাসনে বড় রদবদলের অংশ হিসেবে ৯৯ জন বিচারককে বদলি করা হয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ বৃহস্পতিবার এ বিষয়ে পাঁচটি প্রজ্ঞাপন জারি করে। বদলির তালিকায় ৪৪ জেলা জজ, ২৬ অতিরিক্ত জেলা জজ, ২৫ যুগ্ম জেলা জজ, দুই সিনিয়র সিভিল জজ ও দুই সিভিল জজ রয়েছেন।
যুগ্ম জেলা ও দায়রা জজ পদমর্যাদার ১৭ জনকে চিফ লিগ্যাল এইড অফিসার হিসেবে পদায়ন করা হয়েছে। জেলা জজ ও অতিরিক্ত জেলা জজ পদমর্যাদার কয়েকজনকে বিভিন্ন মন্ত্রণালয়, আইন ও বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন এবং নির্বাচন কমিশন সচিবালয়ের আইনসংক্রান্ত পদে বদলি করা হয়েছে। বদলির মধ্যে কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, কক্সবাজার, যশোর, রাজবাড়ী, বান্দরবান, কুমিল্লা ও ঢাকাসহ বিভিন্ন জেলার পদ অন্তর্ভুক্ত রয়েছে।
সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকারকে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আইন উপদেষ্টা করা হয়েছে। বদলি হওয়া বিচারকদের ২২ সেপ্টেম্বরের মধ্যে নির্ধারিত কর্মকর্তার কাছে দায়িত্ব হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। প্রশিক্ষণ বা ছুটিতে থাকা বিচারকেরা তা শেষ হওয়ার পর নতুন কর্মস্থলে যোগ দেবেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।